UsharAlo logo
, |

একই পরিবারের চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ি থেকে একই পরিবারের চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) ভোরে পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, শিপন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার শিলা, মেয়ে অখি আক্তার ও জামাতা আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে এরা আন্তঃজেলা মাদক ব্যবসার সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামালপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তোলেন তারা। এদের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন। মাদক ব্যবসার প্রধান শিপন মিয়া এটি করে দোতলা বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। এ বাড়িতে বুধবার (২৩ জুন) ভোরে মাদক কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ি থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।
সরিষাবাড়ি থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রফিকুল হক জানান, আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চার সদস্যকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)