UsharAlo logo
, |

নিউজিল্যান্ড প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মুকুট জিতেনিলেন নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় গতকাল বুধবার (২৩ জুন) রাতে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টি বিঘ্নিত ফাইনালের ষষ্ঠ দিনে (রিজার্ভ ডে) ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্লাক ক্যাপসরা।

ষষ্ঠ দিনে ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেট মাত্র দুই উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেন কিউইরা। উইলিয়ামসন ৮৯ বলে ৮ চারে অপরাজিত ৫২ এবং টেলর ১০০ বলে ৬ চারে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার আগে ভারতের দেওয়া ১৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এ সময় রবীচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে ক্যাচ উঠিয়ে আউট হন টম লাথাম। মোট ৪১ বল খেলে ৯ রান করেন তিনি। পরে ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। এ সময় অশ্বিনের বলে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। ৪৭ বলে ৪ চারে মোট ১৯ রান করেন তিনি।

সেখান থেকেই দলের হাল ধরেন উইলিয়ামসন ও টেলর। অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। প্রথম ইনিংসে ৫ এবং পরের ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাইল জেমিসন।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ২১৭/১০ ও ১৭০/১০।

নিউজিল্যান্ড: ২৪৯/১০ ও ১৪০/২।

ফলাফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন।

ম্যাচসেরা: কাইল জেমিসন (নিউজিল্যান্ড)।

চ্যাম্পিয়ন দল হিসেবে নিউ জিল্যান্ড ১৬ লাখ ডলার এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজদণ্ড পেয়েছে। আর রানার্স-আপ ভারত পেয়েছে ৮ লাখ ডলার।

(ঊষার আলো-এফএসপি)