ঊষার আলো ডেস্ক : ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তিউনিসিয়া কোস্টগার্ড জানান, ২৬৪ বাংলাদেশি এবং ৩ মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা। এসব অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদেন বন্দরে পৌঁছাতে সাহায্য করে দেশটির নৌবাহিনী। তাদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়। আইওএম বলেন, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের তিউনিসিয়ার জারবা দ্বীপের ১টি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
(ঊষার আলো-আরএম)
