ঊষার আলো ডেস্ক : ই-কমার্স ইস্যুতে সদ্য গৃহীত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ই-কমার্স মার্কেট-প্লেস ইভ্যালি। গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
ভোক্তার সঙ্গে প্রতারণা ঠেকাতে ই-ভ্যালিসহ অনলাইন কেনাকাটা ব্যবসাসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আগে পণ্য সরবরাহ করে পরে দাম নিতে হবে। প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। ই-কমার্স বিষয়ে বৃহস্পতিবার (২৪ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ভোক্তার চূড়ান্ত দায় নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।
মোহাম্মদ রাসেল বলেন, গণমাধ্যমের সূত্রে বিষয়টি আমরা জেনেছি। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এছাড়াও শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে। যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেওয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।
ইভ্যালির প্রতিষ্ঠাতা রাসেল বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনও ই-কমার্স নীতিমালা নেই যেটির জন্য ইভ্যালি নিজেও দীর্ঘদিন অ্যাডভোকেসি করে আসছে। এই সিদ্ধান্ত সেই নীতিমালা প্রণয়নের প্রথম ধাপ বলেই আমরা বিশ্বাস করি। এর ফলে গ্রাহক, মার্চেন্ট, মার্কেট-প্লেসসহ পুরো ইকো-সিস্টেমই উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস। যেকোনও রেগুলেটরি থেকে আসা সিদ্ধান্ত শুধু ইভ্যালি না বরং সবার জন্যই প্রযোজ্য হবে। আমরা এর সাধুবাদ জানাই।
প্রসঙ্গত, এখন থেকে আলেশা মার্ট, ধামাক, ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর সার্বিক লেনদেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। ক্রেতাদের হাতে পণ্য ডেলিভারির পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তিনি।
হাফিজুর রহমান জানিয়েছেন, পণ্য ডেলিভারির আগে টাকা পরিশোধ যেন না হয় সেজন্য খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।
সভায় ই-কমার্স প্রতিষ্ঠানকে বিশ্বাসযোগ্য করতে তাদের কাছ থেকে জামানত রাখার কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।
(ঊষার আলো-এমএনএস)
