ঊষার আলো ডেস্ক : আগামী জুলাই মাসে পাকিস্তানে করোনা মহামারির ৪র্থ ঢেউ আঘাত হানতে পারে। শুক্রবার দেশটির করোনা টাস্কফোর্সের এক শীর্ষ কর্মকর্তা এই সতর্কবার্তা দিয়েছে।
পরিকল্পনামন্ত্রী ও ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) প্রধান আসাদ উমর বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে রোগের মডেল বিশ্লেষণ করে এনসিওসি তাদের পর্যালোচনায় ৪র্থ ঢেউয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর না হলে এবং শক্তিশালী টিকাদান কর্মসূচি অব্যাহত না রাখলে আগামী জুলাই পাকিস্তানে ৪র্থ ঢেউ দেখা দিতে পারে।
গত এপ্রিলে পাকিস্তানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছিল। এপ্রিলের মাঝামাঝিতে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ হয়।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ১ হাজার ৫২ জন নতুন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৯০৭ এ পৌঁছলো। ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ২১ হাজার ১৫২।
(ঊষার আলো- এম.এইচ)
