ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার দায়ে শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে (৪৫) ২২ বছর ও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত শুক্রবার (২৫ জুন) দেশটির আদালত এই রায় ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, চৌভিন গত এপ্রিলে দোষী প্রমাণিত হয়েছেন। চৌভিনের বিরুদ্ধে আনা ৩টি অভিযোগই আদালতে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ‘সেকেন্ড ডিগ্রি’ (অনিচ্ছাকৃত খুন), ‘থার্ড ডিগ্রি’ (খুন) ও ‘সেকেন্ড ডিগ্রি’ (নরহত্যা)।
ওই সময় আদালত বলেন, পরবর্তী ৮ সপ্তাহের মধ্যে চৌভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে। পরে সবশেষ শুক্রবার সেই রায় ঘোষণা করা হলো।
অন্যদিকে রায়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। তিনি জানান, চৌভিনকে যে সাজা দেওয়া হয়েছে সেটি যথেষ্ট নয়।
গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। গ্রেপ্তারের পর মিনিয়াপলিসের রাস্তার উপর ফ্লয়েডের ঘাড়ে ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু চেপে বসেছিলেন ডেরেক চৌভিন।
পরে শ্বাস নিতে না পেরে মারা যান ফ্লয়েড। সেই ভিডিওটি ব্যাপকহারে ছড়িয়ে পড়লে বর্ণবাদ ও পুলিশদের দ্বারা অত্যধিক শক্তি প্রয়োগের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের সৃষ্টি হয়। জর্জ ফ্লয়েড মিনিয়াপোলিস শহরেরই এক রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
(ঊষার আলো-এফএসপি)
