UsharAlo logo
, |

বাংলাদেশে মাদকদ্রব্য উৎপাদন হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘আমাদের দেশে মাদক উৎপাদন হয় না। পার্শ্ববর্তী দেশগুলো থেকে মরণব্যাধি মাদক অহরহ আমাদের দেশে পাচার করে নিয়ে আসছে মাদক কারবারিরা। কিন্তু সরকার মাদকের বিরুদ্ধে সব সময় দুর্বার আন্দোলন গড়ে তুলেছে’বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৬ জুন) দুপুরে ‘আন্তর্জাতিক মাদক প্রতিরোধ ও অবৈধ পাচার’ দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ভার্চুয়ালিভাবে যোগ দিয়ে মন্ত্রী জানান,  শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। মাদক একটি বৈশ্বিক সমস্যা।  যার কারণে আমরাও হুমকিতে আছি। এই দেশে মাদক উৎপাদন হয় না। একটি কুচক্রী মহল দেশ এবং সমাজের কথা না ভেবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে মাদক  নিয়ে আসছে। তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই সোনার বাংলাদেশে যেন মাদক প্রবেশ করতে না পারে সেজন্য পার্শ্ববর্তী ভারত ও মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিও হয়েছে। এরপরও মাদক কারবারীদের রোধ করা যাচ্ছে না। নানা উপায়ে তারা অবৈধভাবে এদেশে মাদক নিয়ে আসছে। পরবর্তীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বেচা কেনা ও ব্যবহার রোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

আসাদুজ্জামান বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। সরকার দ্বারা পরিচালিত যেসব নিরাময় কেন্দ্র আছে সেখানে মাদকসেবীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  কেউ যেন মাদকের দিকে ধাবিত না হয় সেই কারনে নানাবিধ প্রচার ও প্রচারণা অব্যাহত আছে। তিনি আরও বলেন, মাদক বিরোধী কর্মকাণ্ডে পরিবারকেও এগিয়ে আসতে হবে। অভিভাবককেই তার সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে।

(ঊষার আলো-আরএম)