স্পোর্টস ডেস্ক : কঠোর লকডাউন দিলে সরকারি নির্দেশনামাফিক বন্ধ হতে পারে দেশের সব ক্রীড়া ইভেন্ট বলে জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিকে ২৮ জুন সোমবার থেকে বন্ধ করা হয়েছে দেশের সব বিকেএসপির কার্যক্রম।
দীর্ঘদিন পর জমে উঠেছিল ফুটবলপাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলাও শুরু হয়েছিল। নারী ফুটবল লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াচ্ছিল নিয়মিত। কিন্তু হঠাৎ কঠোর লকডাউন ঘোষণায় শঙ্কার মধ্যে পড়ে গেছে পুরো ক্রীড়াঙ্গন।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। ক্রিকেটাররা যে যার গন্তব্যে পৌঁছতে পারবে সোমবারের আগে। ফেডারেশনগুলোতে অ্যাথলিটরা ছিল প্রশিক্ষণের মাঝে। হঠাৎ সিদ্ধান্তে সব পরিকল্পনা ভেস্তে গেছে। প্রজ্ঞাপন জারি হলে, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব ক্রীড়া ইভেন্ট বন্ধ করতে হবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে লকডাউনের ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার থেকে দেশের সব বিকেএসপির কার্যক্রম বন্ধ করা হয়েছে। রোববার নাগাদ সবাই যে যার হল ছাড়বে। জানান বিকেএসপি মহাপরিচালক।
(ঊষার আলো- এম.এইচ)
