ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১ জন। এ সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জন করোনা আক্রান্ত হয়েছে। একই সঙ্গে শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
আজ ২৮ জুন সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৬ জন, বাগেরহাটে ২’জন, যশোরে ১জন, নড়াইলে ১জন, সাতক্ষীরায় ১জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন, ঝিনাইদহে ৪ জন, চুয়াডাঙ্গায় ২’জন এবং মেহেরপুরে ৪ জন মারা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৯৭৮ জন।
(ঊষার আলো- এম.এইচ)
