UsharAlo logo
, |

ফিলিস্তিনে নিজার বানাত হত্যার প্রতিবাদে শ্রম মন্ত্রীর পদত্যাগ

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষের কট্টর সমালোচক নিজার বানাতকে (৪৩) গ্রেফতারের পর নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠেছে।

বানাতকে হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের শ্রম মন্ত্রী নাসরি আবু জাইশ গতকাল রোববার পদত্যাপত্র জমা দিয়েছেন।তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জোট সরকারের শরিক দল বামপন্থি পিপলস পার্টির একজন নেতা।

গত বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে মাহমুদ আব্বাস সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নিজারের মৃত্যু হয়। সেদিন থেকে টানা চারদিন ধরে এই অধিকারকর্মীর মৃত্যুর প্রতিবাদে রামাল্লায় বিক্ষোভ হচ্ছে।

নিজারকে বিদায় জানাতে আসা ফিলিস্তিনিরা শুক্রবার মসজিদে এসে ‘গদি ছাড়ো আব্বাস গদি ছাড়ো’, ‘মানুষ এ সরকারকে চায় না’ এমন সব স্লোগান দিতে থাকেন।

বানাতকে বিদায় দিতে গিয়ে কান্নায় একেবারে ভেঙে পড়েন তার কন্যা। তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

শুক্রবার বাবাকে বিদায় দেওয়ার সময় বানাতের কন্যা কান্নারত কণ্ঠে বলেন, বাবা আমাকে ছেড়ে যেও না। আমি গ্র্যাজুয়েশন গাউন পরে রয়েছি এমনটা তোমাকে দেখাতে চেয়েছিলাম। কে আমাকে এখন খাইয়ে দেবে, আমাকে কে পড়াবে?

বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ৩টায় দিকে বানাতকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ নিজেদের হেফাজতে নেয়। আর গ্রেফতারের কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ।

চিকিৎসক সামীর জারৌর প্রাথমিক ময়নাতদন্তের ওপর ভিত্তি করে জানান, বানাতের শরীরজুড়ে আঘাতের চিহ্ন আছে।

চিকিৎসক আরও বলেন, বানাতের মাথা, ঘাড় এবং কাঁধে আঘাত ছিল। পাশাপাশি তার পাঁজর ভেঙে গেছে। ফুসফুসে মধ্য অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল তার। ফলে এর অর্থ- ভুক্তভোগী গুরুতর কোনও রোগে আক্রান্ত হয়ে মারা যাননি।

অন্যদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বিষয়টি তদন্ত করে দেখার জন্য আইনমন্ত্রী মোহাম্মদ শালালদেহের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তবে কর্তৃপক্ষের তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছে না ফিলিস্তিনিরা।

(ঊষার আলো-এফএসপি)