ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন সোমবার সকাল ৯টা থেকে আজ ২৯ জুন মঙ্গলবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা গেছেন। রামেকে এটাই এখন পর্যন্ত ১ দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিল। আর ১৬ জন ভর্তি ছিল করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন করে। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ৩৪৩ জন।
রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছে ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।
(ঊষার আলো- এম.এইচ)
