ঊষার আলো রিপোর্ট : রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় এসে পৌঁছেছে ৩টি কার্গো জাহাজ। সোমবার (১৯ জুলাই) ভোরে বন্দরের পশুর নদীতে কয়লা নিয়ে এমভি শ্যামল বাংলা, এনামুল হোসেন এবং আল বেরুনি সৈকত-২ নামের তিনটি জাহাজ নোঙর করেছে।
গত ৩ জুলাই কোলকাতা বন্দর থেকে এমভি শ্যামল বাংলা কার্গো জাহাজটিতে ১ হাজার ৮৫৫ মেট্রিক টন কয়লা লোড করে এই কার্যক্রমের উদ্ধোধন করেন কোলকাতা বন্দরের চেয়ারম্যান বিনিত কুমার। ৪ জুলাই এমভি এনামুল হোসেন ও ৫ জুলাই এমভি আল বেরুনি সৈকত-২ জাহাজে কয়লা বোঝাই করে ৮ জুলাই কোলকাতা বন্দর থেকে জাহাজ ৩টি ছেড়ে আসে। তারপর ভারতের বজবজ-ঘোড়ামারা-নামখানা-বাগানবাড়ি-মন্দিরের নৌ পথ হয়ে হেমনগরে ৫ দিন অবস্থান করে কয়লাবাহী কার্গো জাহাজগুলো ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকার আংটিহারায় কাস্টমসের যাচাই-বাছাইয়ের মুখোমুখি হয়। এরপর সোমবার (১৯ জুলাই) মোংলা বন্দরের পশুর নদীতে এসে নোঙর করেছে জাহাজগুলো। ৩ থেকে ৪ দিনের মধ্যে মোংলা কাস্টমস হাউজের পরীক্ষণ ও শুল্ক পরিশোধ শেষে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারত থেকে আমদানি করা কয়লা খালাস করা হবে। নির্মাণাধীন কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা ঠিকই এসেছে কিন্তু তা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়। কোলইয়ার্ড তৈরির জন্য। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৫২ মেট্রিকটন কয়লা নিয়ে ৩টি কার্গো জাহাজ মোংলায় এসেছে বলে জানিয়েছেন উপ-পরিচালক মো. রেজাউল করিম।
(ঊষার আলো-আরএম)
