ঊষার আলো ডেস্ক : কানাডার অটোয়ায় ৯ ঘণ্টা অনুসন্ধানের পর গ্যাতিনিউ নদী থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাঁতার কাটতে যেয়ে যেখানে তিনি নিখোঁজ হয়েছিলেন। স্থানীয় সময় রোববার রাত পৌনে ১০টায় নাজিব সাদেকের লাশ পাওয়া গেছে। নিহত শিক্ষার্থী হলেন, অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নাজিব সাদিক চৌধুরী। তার বাবা কাতারে চাকুরি করেন। সেখানেই তারা সপরিবারে বসবাস করেন। রোববার দুপুর থেকে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি দল তল্লাশি চালান। একই সাথে হেলিকপ্টারে করেও নদীর ওপর টহল দেয়া হয়। এদিকে, বাংলাদেশি ছাত্র নিখোঁজের সংবাদটি কানাডার স্থানীয় পত্র-পত্রিকায় প্রচারের পর অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দুপুরে কুইবেকের ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে গ্যাতিনিউ নদীতে নিখোঁজ হয়েছিলেন তিনি।
(ঊষার আলো-আরএম)
।
