ঊষার আলো ডেস্ক : ‘ছাঁটাই’ করা হলো বার্সা কোচ রোনাল্ড কোম্যানকে। এরই মধ্য দিয়ে বার্সেলোনায় কোম্যান যুগের অবসান ঘটল।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কোম্যানকে অব্যাহতি দিয়ে বার্সার ওয়েবসাইটে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর কাছে পরাজিত হওয়ার পর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
আজ বাংলাদেশ সময় ভোর রাত ৪টায় বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে লেখা, ‘বার্সেলোনা এবার মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে।’ কোম্যানের অধীনে কিছু দিন ধরে ব্যর্থ সময় পার করছিলেন বার্সা।
এবারের চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে বার্সার অর্জন ৩ পয়েন্ট। লিগে ১০ ম্যাচে অর্জন মাত্র ১৫ পয়েন্ট। কাতালান ক্লাবের এ ম্লান পারফরম্যান্সের পরে কোচ কোম্যানের ওপর আস্থা রাখতে পারেননি কর্মকর্তারা।
গতকাল দুর্বল দল রায়ো ভায়োকানোর কাছেও ১-০ গোলে হেরে বসে বার্সেলোনা। তারপর কোচ হিসেবে কোম্যানের দায়িত্ববোধ নিয়ে ওঠে প্রশ্ন।সিউতাত এস্পোর্তিভায় আজ দলের খেলোয়াড়দের বিদায় বলবেন রোনাল্ড কোম্যান। ক্লাবকে সেবা দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিতে চায় ও তার পেশাদার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’
(ঊষার আলো-আরএম)
