ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ দলের ওপেনার লিটন দাসকে নিয়ে সমালোচনাকারীদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।
সোশ্যাল মিডিয়াজুড়ে লিটনকে নিয়ে ট্রলড হয়। লিটন ক্যারিবীয়দের বিপক্ষে কত কম রানে আউট হতে পারেন সেটি নিয়ে চলেছে হাস্যরসাত্মক স্ট্যাটাস, মিম। তবে, সীমানা অতিক্রম করে ফেলেছে দেশের কয়েকটি ই-কমার্সের ফেসবুক পেজ। লিটন দাসের রান সংখ্যার ওপরে ডিসকাউন্ট ঘোষণা দেয় তারা।
বই বিক্রয়ের একটি পেজ ঘোষণা দেয়, শুক্রবার লিটন দাস যত রান করবে প্রকাশনী থেকে তত পারসেন্ট ছাড়। শিক্ষাবিষয়ক ১টি পেজ ঘোষণা দিয়েছিলেন, লিটন দাস আজকে যত রান করবে আমাদের প্রতিষ্ঠানের কোর্সে তত পার্সেন্ট ছাড় ! খেলা শুরুর আগে পেজটি পোস্ট দেয়, কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে লিটন দাস। আমাদের সকল কোর্সে, ডিস্কাউন্ট পেতে আপনি প্রস্তুত তো?
লিটনের মাঠের পারফরম্যান্স নিয়ে এমন বিজ্ঞাপনী প্রচারণায় ক্ষুব্ধ হয়েছেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। শুক্রবার(২৯ অক্টোবর) রাতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন সঞ্চিতা।
সঞ্চিতা লিখেছেন, ‘ব্যাপারটা হল, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেটি আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! উপহাস করা বা মেম তৈরি করা দেখতে আমাদের জন্য তেমন কষ্টের নয়। কারণ, ইতিমধ্যেই আমরা এটিতে অভ্যস্ত।
কিন্তু যখন আমি দেখি, কিছু ব্যবসায়িক পেজ যারা লিটনের নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে। যেটি দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। কল্পনা করুন এতটা দুষ্টু ও নিচু মনের মানুষ হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার এটা’।
(ঊষার আলো-আরএম)
