ঊষার আলো রিপোর্ট: চালকদের মধ্যে ওভারটেকিং ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্সবিহীন চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাবে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে অনেক তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে। ঘটছে অঙ্গহানির মতো ঘটনা। গত এক বছরে শুধু সিলেটে ঝরেছে ২৭৮ প্রাণ এবং আহত হয়েছেন ৬৫৪ জন। নিরাপদ সড়ক চাই (নিচসা) এর একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানটিনিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই (নিচসা) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য-সচিব জহিরুল ইসলাম মিশু।প্রতিবেদনে বলঅ হয়, ২০২০ সাল থেকে ২০২১ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। ২০২০ সালে ১৮৭টি সড়ক দুর্ঘটনায় ২৫০ জন নিহত ও ৩৯৮ জন আহত হয়েছিল।
নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য-সচিব জহিরুল ইসলাম মিশু বলেন, দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচার শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের মতো এবারও সারাদেশের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে ওভারটেকিং ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং, বিরতি ছাড়া দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কের মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।এছাড়া অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদ্বিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়।
প্রতিবেদনে জেলা পর্যায়ে দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত লোক সংখ্যা, অপর্যাপ্ত রাস্তা, মোটরসাইকেল ও রিকশার আলাদা লেন না থাকা, পথচারীদের নিয়ম না মানার প্রবণতা, জেব্রাক্রসিং, ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার না করে যত্রতত্র পারাপার ও রাস্তা চলাচল ও পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করাকে দায়ী করা হয়েছে।উল্লেখ্য, শনিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২১ সালের সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২১ সালে সারা দেশে ৩৭৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ২৮৯ জন নিহত ও ৫ হাজার ৪২৪ জন আহত হয়েছেন। এছাড়া ২০২১ সালে সারা দেশে রেলপথে ২৭০টি দুর্ঘটনায় ২৫৪ জন নিহত ও ৪২ জন আহত, নৌ-পথে ৯০টি দুর্ঘটনায় ১৯৮ জন নিহত, ৩৩৯ জন আহত ও ১৮৬ জন নিখোঁজ রয়েছেন। তবে আকাশপথে কোনো দুর্ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
