বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য ও তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর ইন্তেকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মুন্সী জালাল উদ্দিন ১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। কর্মজীবনে তিনি গণযোগাযোগ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং তথ্য অধিদফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে তথ্য অঙ্গনে একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারানোর শূন্যতা সৃষ্টি হয়েছে বলে সহকর্মীরা মনে করেন।
ঊআ-মোহন চৌধুরী
