সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপতথ্যের বিস্তার রোধ এবং তথ্যের সত্যতা নিশ্চিত করতে ফ্যাক্ট-চেকিংয়ের ওপর গুরুত্বারোপ করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সোমবার চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে মানুষ তথ্যের বিশাল ভান্ডারের মধ্যে বসবাস করছে। কিন্তু সব তথ্যের সত্যতা সহজে যাচাই করা সম্ভব হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই তথ্য শেয়ার করার ফলে অপতথ্যের বিস্তার বাড়ছে। গুণগত শিক্ষার মতো নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনও গুরুত্বপূর্ণ। ফ্যাক্ট-চেকিং রাজনৈতিক নেতা, সরকারি দপ্তর ও সাংবাদিকদের কাজের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করার এবং সত্য প্রকাশে অবিচল থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের সময়োপযোগী সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান। তিনি অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে আলোচনা করেন।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরসহ গণমাধ্যমকর্মীরা।
সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী। এতে চুয়াডাঙ্গার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩৫ জন কর্মী অংশ নেন।
ঊআ- মোচৌ
