UsharAlo logo
, |

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: মাওলানা আবুল কালাম আজাদ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পাশাপাশি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ জানুয়ারি) সকালে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম কিংবা অবৈধ হস্তক্ষেপ ঘটলে কাঙ্ক্ষিত রাষ্ট্রগঠন ব্যাহত হতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জনগণের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করতে হবে এবং সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে হবে। ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবাইকে ভূমিকা রাখতে হবে।

কপিলমুনি ইউনিয়ন সভাপতি ডা. সরদার গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলার সভাপতি আবু জার আল গিফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জি এম বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, পাইকগাছা পৌরসভা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আসাদুল আল হাফিজ, পাইকগাছা উত্তর থানার সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করা অপরিহার্য। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব উপহার দেবে ইনশাআল্লাহ—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ঊআ-মোহন চৌধুরী