UsharAlo logo
, |

অবৈধ ভারতীয় ডিম আমদানির প্রতিবাদে খুলনায় পোল্ট্রি খামারিদের মানববন্ধন

ঊষার আলো ডেক্স
জুলাই ২৫, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প রক্ষা এবং রাজশাহীর নামে ভারতীয় ডিম অবৈধভাবে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রবেশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় নগরীর কেডিএ অ্যাভিনিউয়ের বানিয়াখামার পোস্ট অফিসের সামনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইএফ)-এর খুলনা বিভাগীয় শাখা এবং খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে খুলনার বিভিন্ন থানা, ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিরা অংশ নেন। তারা পোল্ট্রি শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরে কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানান। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশীয় ও বিদেশি করপোরেট কোম্পানির মাধ্যমে বৃহৎ পরিসরে ডিম ও মুরগির মাংস উৎপাদন ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ হাজারের বেশি মুরগি পালনের অনুমতি না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এর বেশি উৎপাদনের সুযোগ দেওয়া হলে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারবেন না এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।

সমাবেশ থেকে খামারিদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ক্ষুদ্র ও মাঝারি খামারি এবং ভোক্তাদের স্বার্থে চাহিদা অনুযায়ী ডিম ও মাংসের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, রাজশাহীর নামে ভারতীয় অবৈধ ডিম প্রবেশ বন্ধ করা, করপোরেট কোম্পানির বাজার নিয়ন্ত্রণ রোধ, বন্যা ও রোগে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষতিপূরণ, প্রণোদনা ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা, খুলনায় পাইকারি ডিম, মাংস ও দুধের বাজার স্থাপন, পোল্ট্রি খামারের বাধ্যতামূলক নিবন্ধন ও বীমা ব্যবস্থা চালু এবং প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরও কার্যকর করে ডিম, মাংস, দুধ, বাচ্চা, খাদ্য ও ওষুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন।

সংগঠনের সভাপতি আলহাজ মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় সমাবেশে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, পোল্ট্রি অ্যান্ড ভেটেরিনারি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন, বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতি খুলনার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সুজন খুলনা জেলা শাখার সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা দ্রুত অবৈধ ডিম আমদানি বন্ধ, পোল্ট্রি খাতের সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি খামারিদের টিকিয়ে রাখতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।