UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অর্থাভাবে থমকে যাওয়া চিকিৎসায় সহায়তার হাত: খুলনার জান্নাতুলের পাশে ডা. জুবাইদা

Mohon Chowdhury
আগস্ট ৩০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার সুচিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুলের পরিবারের আকুতির একটি ভিডিও নজরে আসার পর ডা. জুবাইদা রহমান বিষয়টির সার্বিক খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেন।

নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী খুমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং জেডআরএফ সদস্য ডা. এমআর হাসানের সঙ্গে পরিবারটির ভিডিও কলে কথোপকথনের ব্যবস্থা করেন।

জান্নাতুলের মা আজমিরা বেগম জানান, তাদের বাড়ি কয়রা উপজেলায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে। জান্নাতুল দৌলতপুরের দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর কয়রার একটি হেফজখানায় ভর্তি হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, মাত্র দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই জান্নাতুলের দুটি পা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। পরবর্তীতে তার স্নায়বিক জটিলতা এবং বেড সোরের মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।

আজমিরা বেগম আরও বলেন, দুই দিন আগে এক ব্যক্তি তাদের দুর্দশার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি ভাইরাল হয়। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাদের খোঁজখবর নিতে শুরু করেন এবং চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

জেডআরএফ সদস্য ডা. এমআর হাসান জানান, ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বিষয়টি তদারকির নির্দেশ দেন। সেই অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সোমবার জান্নাতুলের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে।

খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিষয়টি জানার পরপরই তিনি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। জান্নাতুলের চিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।