অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা শেষ করতে পারে, সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকালে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটিও সরকার নিশ্চিত করতে চায়। যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগামী বছরের জুনের আগে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনারি ইউনিট চালু হবে। এরপর সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে ১০০টি অসহায় পরিবার ও ১০০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক সৈয়দ দেলোয়ার হোসেন খান খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মিজানুর রহমান খান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
