UsharAlo logo
, |

অসুস্থ রানা’র পাশে বিএনপি নেতা তুহিনের মানবিক সহায়তা

Mohon Chowdhury
জুলাই ৩১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ তিন বছর ধরে কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানা (৩২)। অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতেই হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। এমন সংকটময় সময়ে অসুস্থ রানার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

জানা গেছে, নগরীর খেজুরের কালভার্ট এলাকার মদিনাবাদ আমতলা সড়কের বাসিন্দা রানা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। পরিবারে বৃদ্ধ বাবা-মা, ভাই, স্ত্রী এবং একটি কন্যাসন্তান রয়েছে। অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন পুরোপুরি অন্যের সহায়তার ওপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার ওষুধের ব্যয় বহন করাও পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

রানার অসুস্থতা ও পরিবারের দুর্দশার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তাঁর নির্দেশনায় এবং ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহমেদের সহযোগিতায় শুক্রবার দলীয় নেতাকর্মীরা রানার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

এ সময় শফিকুল আলম তুহিনের পক্ষ থেকে রানার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

বিএনপি নেতাদের এই মানবিক উদ্যোগে রানার পরিবার নতুন করে আশাবাদী হয়ে উঠেছে। সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শফিকুল আলম তুহিনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।