খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ এবং পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’-এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (আজ) দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে এবং উপদেষ্টা মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক নেতা ও পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরম আকার ধারণ করেছে। খুন, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার খুলনাবাসীর নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ ও বিভিন্ন সংগঠনের কর্মসূচির পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সন্তোষজনক নয় বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, পুলিশ, বিজিবি, যৌথবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিভিল প্রশাসন—কেউই এই পরিস্থিতির দায় এড়াতে পারে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো প্রশাসনকে সহযোগিতা ও সামাজিকভাবে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও আনন্দমুখর হওয়া কঠিন হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা জানান, আইনশৃঙ্খলার অবনতির ফলে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি খুলনার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
ঊআ-মোহন চৌধুরী
