UsharAlo logo
, |

আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

Mohon Chowdhury
জুলাই ১৪, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে বিবিএ বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের টার্ফ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ইংরেজি বিভাগ ৩-০ গোলে বিবিএ বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য সিরিজ) মো. শাহিদ শেখ এবং ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) মো. আহাদুল ইসলামকে মেডেল প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, খেলাধুলা জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক প্রভাব ফেলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দল এবং সমর্থকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় একই মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে সিএসই বিভাগের প্রভাষক ইমরান রহমান ইফতির একমাত্র গোলে শিক্ষকদের দল ১-০ ব্যবধানে জয়লাভ করে।