শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতা বিকাশের লক্ষ্যে খুলনার আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ও ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দিচ্ছে। বিজ্ঞান মেলায় তাদের নানা উদ্ভাবন ও নতুন চিন্তার প্রতিফলন দেখা গেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে এবং আগামীর বাংলাদেশ গড়তে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, আরডিএম ইন্টারন্যাশনাল স্কুল শুরু থেকেই অভিভাবকদের আস্থা অর্জন করেছে। একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলম এবং হাসান হাবিবুন্নবী শোভন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. জুনায়েদ বিন জামান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের সিইও রুবায়েত বিন জামান।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, গবেষণাভিত্তিক মডেল ও বৈজ্ঞানিক আবিষ্কার উপস্থাপন করে। একই সঙ্গে ইংলিশ অলিম্পিয়াডে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় দক্ষতা, শব্দভাণ্ডার, ব্যাকরণ ও যোগাযোগ সক্ষমতার প্রদর্শন করে। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
