UsharAlo logo
, |

আরফানা হোসেন নির্জনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৮, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান আসামি ও ভিকটিমের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তাকে আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে আটক করা হয়।

গ্রেপ্তার আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা। তিনি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে র‍্যাব।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে নির্জনার বাবা আলীম হোসেন আকাশের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

ঊষার আলো-এসএ