UsharAlo logo
, |

আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক

Mohon Chowdhury
জুলাই ১২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

 খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রোববার (১২ জুলাই) সকালে মাথাভাঙ্গা এলাকার আলুতলা স্লুইচ গেট (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি জানান, পুরাতন স্লুইচ গেটটি দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি একটি গেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে সেটির সংস্কারকাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গেটটির সংস্কার আগামী চার দিনের মধ্যে সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক বলেন, গত তিন দিনের টানা বৃষ্টিতে নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও ইতোমধ্যে অধিকাংশ স্থান থেকে পানি নেমে গেছে। তবে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জলাবদ্ধতা নিরসনে কেসিসি তিনটি মনিটরিং কমিটি গঠন করেছে। কর্মকর্তা-কর্মচারীরা ড্রেন ও খালে জমে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কাজ করছেন। তিনি পর্যায়ক্রমে নগরীর সব স্লুইচ গেট সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে প্রশাসক ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনের পানিপ্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।