UsharAlo logo
, |

ইউএনও’র উপস্থিতিতে রক্ষা পেল চালনা পৌরসভার পরিত্যক্ত রোলার

ঊষার আলো ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার সাতঘরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বিকল রোলার অসাধু চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আকস্মিক উপস্থিতিতে।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সাতঘরিয়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলাকালে চালনা পৌরসভার একটি রোলার বিকল হয়ে যায়। সেটি পৌরসভার গ্যারেজে নিয়ে আসা সম্ভব না হওয়ায় স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে ওই এলাকাতেই রাখা হয়েছিল। পরবর্তীতে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে কাউন্সিলর না থাকায় রোলারটি দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

এই সুযোগে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রোলারটির বিভিন্ন অংশ অল্প অল্প করে কেটে বিক্রি করে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গত রোববারও তারা ইজারার নাম করে অবৈধভাবে রোলারটি কেটে নিয়ে যাচ্ছিল।

এদিকে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সাতঘরিয়া এলাকায় খাল খননের সম্ভাব্যতা দেখতে ঘটনাস্থলে যান চালনা পৌরসভার প্রশাসক ও দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। হঠাৎ ইউএনও’র উপস্থিতি টের পেয়ে রোলার কাটার সঙ্গে জড়িত অসাধু ব্যক্তিরা কাজ ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে সরকারি এই সম্পদটি চোর চক্রের হাত থেকে রক্ষা পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকেই কয়েকজন ব্যক্তি ইজারার কথা বলে রোলারটি কেটে নিয়ে যাচ্ছিল। ইউএনও ঘটনাস্থলে পৌঁছালে তারা রোলার ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি অবৈধ কর্মকাণ্ড বলে নিশ্চিত হন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ইউএনও’র নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে থানায় আনা হলেও জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক ছিল বলেও তিনি জানান। তবে প্রকৃত জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

চালনা পৌরসভার প্রশাসক ও ইউএনও মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, সাতঘরিয়া এলাকায় খাল খননের সম্ভাব্যতা দেখতে ঘটনাস্থলে গেলে কিছু ব্যক্তি রোলার কাটছিল। আমাকে দেখে তারা পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় থানা পুলিশকে অবহিত করা হয় এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঊআ- মোচৌ