বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দুনিয়ার সাময়িক স্বার্থের চেয়ে আখিরাতের মুক্তিকে প্রাধান্য দিতে হবে। মৃত্যুর আগে সকল ঋণ পরিশোধ এবং সাদাকায়ে জারিয়ার কাজ অব্যাহত রাখার পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে আল্লাহর বিধান বাস্তবায়নে সচেষ্ট হতে হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত ‘ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা বৈঠক-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের উচিত শিশু থেকে মাস্টার্স পর্যন্ত সকল স্তরের শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে এবং জনগণ দলটির প্রতি আস্থা প্রকাশ করছে। ভবিষ্যতে জনগণ দায়িত্ব দিলে সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহফুজুর রহমান আরও বলেন, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও পারিবারিক জীবনসহ সবক্ষেত্রে আল্লাহর বিধান অনুসরণের বিকল্প নেই। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতিষ্ঠিত আদর্শ সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে অনুসরণ করে বাংলাদেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বানও জানান তিনি।
খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সদর থানার ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল্লাহ।
সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, বায়তুল মাল সম্পাদক মোয়াজ্জম হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২৮ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ৩০ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, ২১ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জুবায়ের শেখ জুয়েল এবং ২১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
