UsharAlo logo
, |

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কলম বিরতি ও মানববন্ধন

Mohon Chowdhury
জুন ৮, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা শাখায় দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সময়ে নগরীর ডাকবাংলো এলাকায় ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার নেতা ও গ্রাহক মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মেহেদী হাসান।

এ সময় বক্তব্য দেন এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের গ্রাহক মো. মঞ্জুর কাদের পাটোয়ারী, শেখ সাফায়েত হোসেন লিখন, রেজাউল করিম, জাকির হোসাইন, বেলাল জামান, শেখ রফিকুল ইসলাম, মনির হোসেন লিটন, হারুন অর রশিদ, হায়দার আলী, শেখ রিয়াজুল ইসলাম, শাহাদাৎ হোসাইন, সেলিমুর রহমান, আসগার আলী, মো. নাসির উদ্দিন, জি এম আব্দুল্লাহ, আব্দুর রশীদ, ওয়াহিদুজ্জামান ও মো. আসলাম হোসাইনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে বক্তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া, গ্রাহকদের প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া এবং আমানতের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগের কথা তুলে ধরেন। তারা চেয়ারম্যান অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের সেবার মানোন্নয়নের দাবি জানান।

বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

ঊআ-মোচৌ