বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন— ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া মানব রচিত আইন দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।
শনিবার (২২ নভেম্বর) সকালে খুলনা-৩ আসনের দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন— আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, যা ছাত্র-জনতার আন্দোলনে উৎখাত হয়েছে। তবে ফ্যাসিবাদীদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে— তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি খোরশেদ আনোয়ার বিরাজ।
অনুষ্ঠানে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, সিদ্দিকুর রহমান, আল ফিদা হোসেন, ডা. সাইফুজ্জামান, হযরত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক মাহফুজুর রহমান বলেন— জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ইসলাম কাপুরুষদের জন্য নয়, বরং সাহসী মুজাহিদদের জন্য। রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়নে সবাইকে তৎপর হতে হবে এবং মানবতার সেবাকেও অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন— জামায়াত হবে অসহায় মানুষের আশ্রয়স্থল; দ্বীন কায়েমের পাশাপাশি মানবসেবাই হবে আমাদের দায়িত্ব।
ঊআ- মোহন চৌধুরী
