খুলনা, ২৬ আগস্ট : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত। তাঁর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। রাসূল (সা.)-এর শিক্ষা, ন্যায়, সাম্য ও মানবিকতার আদর্শ ধারণ করে দেশ ও সমাজ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী এবং দল ও দেশের জন্য ত্যাগ স্বীকারকারী ব্যক্তিদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তিনি।
খুলনায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুল আলম মনা বলেন, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় বিএনপি মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইতোমধ্যে ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তার বিষয়ে তিনি জানান, খুলনা-২ ও খুলনা-৩ আসনে পৃথক ডেঙ্গু ওয়ার্ড বা ডেডিকেটেড হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে খুলনা বিশেষায়িত হাসপাতালে ৫০ শয্যার ডেঙ্গু ইউনিট চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, রক্ত ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, করোনা মহামারির সময় বিএনপি যেভাবে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, একইভাবে ডেঙ্গু দুর্যোগেও খুলনাবাসীর পাশে থাকবে।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ পাঠ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল হাছান বাপ্পী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
