UsharAlo logo
, |

উন্নয়ন বাস্তবায়নে কাজ শুরু হয়েছে : কেসিসি প্রশাসক

Mohon Chowdhury
মে ১৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় মানুষ সুশাসন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। জনগণ পরিবর্তন চাচ্ছে এবং প্রধানমন্ত্রী নতুন নতুন পরিকল্পনা সামনে আনছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

সোমবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত খুলনা শহরের উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে।

কেসিসি প্রশাসক বলেন, বাল্যবিবাহ নিয়ে আগের তুলনায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রম বন্ধে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করলেও এখনো তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। তিনি শিশুশ্রম বন্ধ এবং প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে কেসিসির সঙ্গে বেসরকারি সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য নগর ভবনে পৃথক একটি সমন্বয় শাখা খোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডাইরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রজ ও রিসার্চ অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার সাবিহা দিবা আহমেদ। এছাড়া বক্তব্য দেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।

অপরদিকে বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত ‘শেয়ারিং প্রোজেক্ট ইন্টারভেনসন্স অ্যান্ড ক্যাশ ডিস্ট্রিবিউশন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নারীদের সাবলম্বী করার লক্ষ্যে সংস্থাটি ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে এ সহায়তা প্রদান করে।

জেজেএস-এর নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং কেসিসির ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থপতি রেজবিনা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন জেজেএস-এর সিনিয়র ডাইরেক্টর (প্রোগ্রাম) এম এম চিশতী।

ঊআ-মোচৌ