UsharAlo logo
, |

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

ঊষার আলো রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আরও বাড়ানো হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত চালু রাখা হবে। এতে ফল প্রকাশও কিছুটা পিছিয়ে যেতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে সময় বাড়ানোর নোটিশ দিয়ে দেবো। সময়টা বাড়াচ্ছি শিক্ষার্থীদের সুবিধার জন্যই। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা বোর্ড কর্মকর্তারা মিটিং করে আজ সকালে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সময় বৃদ্ধির বিষয়টি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি।’

সময়সীমা কতদিন বাড়ানো হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘২৭ ও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল। এটা আমরা ১ অক্টোবর পর্যন্ত নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য একটা ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যাচ্ছি। অসুবিধা হবে না।’

সময় বাড়ানোর কারণ হিসেবে অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অবস্থা বুঝতে পারছি। কারণটা হচ্ছে প্রায় তিন লাখের কাছাকাছি ভর্তির বাইরে আছে। প্রথম ধাপে বড় একটা সংখ্যা আবেদন করেনি; পরে নিশ্চয়নও করেনি কেউ কেউ। সবশেষে ভর্তি হয়নি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে রেখে তো আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি না। সেজন্যই আমরা সময়টা বাড়িয়েছি।

এদিকে, দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির অনলাইন আবেদন সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে আবেদন করার সময় ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়।

ঊষার আলো-এসএ