UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

ঊষার আলো রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার ফাইল পৌঁছেছে শিক্ষা মন্ত্রণালয়ে। তবে নতুন পে স্কেল নিয়ে জটিলতা থাকায় পুরোনো স্কেলেই এ প্রস্তাব জমা দেওয়া হয়েছে, যা এখনো ছাড়পত্রের অপেক্ষায়। সব ঠিক থাকলে কাল বৃহস্পতিবার কিংবা আগামী সপ্তাহের গোড়াতেই এই প্রস্তাবের অনুমোদন মিলতে পারে বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, গত সোমবারই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। সরকারি অনুমোদন পাওয়া মাত্রই নভেম্বরের শুরুর দিকেই অক্টোবরের বেতন-ভাতার টাকা নির্ধারিত ব্যাংকগুলোতে জমা করে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যত দ্রুত প্রস্তাবে অনুমোদন দেবে, তত দ্রুত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অক্টোবরের বেতন ছাড়ের চেষ্টা করা হচ্ছে। প্রথম সপ্তাহে সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

ঊষার আলো-এসএ