এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ওজোপাডিকোর ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) খুলনায় অনশন ও কর্মবিরতি পালন করা হয়েছে।
ভোর ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. ফিরোজ হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের সঞ্চালনায় অনশন কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, গত বছরের ২৪ অক্টোবর থেকে ২১ জেলার গেটিজ শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে ধারাবাহিকভাবে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, স্মারকলিপি প্রদান, বিদ্যুৎ ভবন ঘেরাও এবং কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে একসময় কর্মসূচি স্থগিত করা হলেও এখন পর্যন্ত দাবি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৮ থেকে ২০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সেবা প্রদান করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ পাননি। অথচ তাদের শ্রম ও ত্যাগের মাধ্যমে ওজোপাডিকো একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনশনরত শ্রমিকদের একমাত্র দাবি হলো—২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ প্রদান।
কর্মসূচিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন আলম, ডিভিশন-১-এর সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. এনামুল কবির রানা, মো. শরিফ হোসেন, শাহিন হাওলাদার, শিমুল, জাহাঙ্গীরসহ বিভিন্ন ডিভিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনশনস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে পানি পান করানোর মাধ্যমে অনশন ভঙ্গ করানো হয়।
এ সময় কর্মকর্তারা শ্রমিকদের দাবি শুনে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
