UsharAlo logo
, |

এমইউজে খুলনার আলোচনা সভায় বিজয়ের ৫৪ বছরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

বিজয়ের ৫৪ বছরে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠ ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। তিনি বলেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। অতীত কোনো গতিশীল জাতির পরিচয় বহন করে না। আমরা বিভক্ত নয়, একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাইরে থেকে কেউ এসে দাদাগিরি বা খবরদারি করবে—তা এ দেশের মানুষ বরদাশত করবে না।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা প্রসঙ্গে এহতেশামুল হক শাওন বলেন, প্রকাশ্য দিবালোকে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তার জীবন নিয়ে আমরা গভীরভাবে শঙ্কিত। বর্তমানে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, হাদি যেন সুস্থ হয়ে আবার বিপ্লবী কণ্ঠ নিয়ে ফিরে আসেন। হাদির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ভোরে এমইউজে খুলনার পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, সদস্য মাশরুর মুর্শেদ এবং বাংলাদেশ বেতার খুলনার জেলা প্রতিনিধি কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করে। বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় মূল্যবোধ, আত্মত্যাগ ও চেতনার প্রতীক। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহীদ মুক্তিযোদ্ধাদের, যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন।

আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান।

ঊআ-মোহন চৌধুরী