মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা সংক্রান্ত শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে রফিউল ইসলাম টুটুলের দায়ের করা আপীল খারিজ করে দিয়েছেন ঢাকা শ্রম আপীল ট্রাইবুনাল। ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি এস এম দস্তগীর হুসেন ও সদস্য মো. তারেক মুর্শিদ সিদ্দিকী এ আদেশ দেন। এর ফলে ২০২০ সালের ২২ ডিসেম্বর শ্রম আদালত খুলনার দেওয়া রায় বহাল থাকলো।
শ্রম আদালতের ওই রায়ে ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সার্বিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনাকে নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শ্রম আপীল ট্রাইবুনালের রেজিস্টার স্বাক্ষরিত রায়ের অনুলিপি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের পর রফিউল ইসলাম টুটুল বিভাগীয় শ্রম আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শ্রম আপীল ট্রাইবুনালে আপীল খারিজ হওয়ায় প্রায় ১২ বছর পর ইউনিয়নের কার্যক্রম সচল হওয়ার পথ তৈরি হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন কার্যক্রম গ্রহণ করা হবে।
ঊআ-রহ
