UsharAlo logo
, |

ঢাবি’র ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক ড. জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২২, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ‘ইডাফস’ (EDAPHOS)-এর ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান আহ্বায়ক এবং অ্যালামনাই সদস্য মো. আসাদুজ্জামান রুবেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS) ক্যাফেটেরিয়ায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

‘ইডাফস’ কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. দিদার-উল-আলমের অনুমতিক্রমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন। কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির সভাটি সঞ্চালনা করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

নতুন এই নেতৃত্বের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যাবে এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

ঊষার আলো-এসএ