খুলনা, ২৯ বৈশাখ (১২ মে) : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে খুলনা জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা দণ্ডনীয় অপরাধ। ভোক্তা স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং অতিরিক্ত মূল্য আদায় রোধে এলপিজি ফিলিং স্টেশন ও ডিলার পর্যায়ের বিক্রয় কেন্দ্রগুলোকে বিইআরসি নির্ধারিত হালনাগাদ মূল্য তালিকা প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ সহজে দৃষ্টিগোচর স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা অনুযায়ী নির্ধারিত মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে হবে। অভিযোগ পাওয়া গেলে বা বাজার তদারকিতে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
ঊআ-রহ
