ঊষার আলো ডেস্ক : শুরু হতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে পরীক্ষায় মোট অংশ নেবেন ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। নিয়মিত হিসেবে অংশ নেবেন ১৬ লাখ ৭০ হাজার ৩৮০ জন শিক্ষার্থী। অনিয়মিত হিসেবে অংশ নেবেন ৫ লাখ ৫৬ হাজার ৭৩৩ জন শিক্ষার্থী।
পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিয়মিত শিক্ষার্থী হিসেবে ৯ম শ্রেণিতে নিবন্ধন করেন ১৯ লাখ ৪৮ হাজার ৫৬ জন। আর বাকি ২ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষা দিচ্ছেন না। নিবন্ধন করা শিক্ষার্থীর প্রায় ১৬ শতাংশই ঝরে পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, চলতি বছর তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসিতে অংশ নেবেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। অন্যদিকে, ৯ হাজার ১১০টি মাদরাসার ৩ লাখ এক হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী ৭১০ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন দুই হাজার ৩৪৯টি কারিগরি প্রতিষ্ঠানের এক লাখ ২৪ হাজারর ২২৮ জন শিক্ষার্থী।
গত বছরে তিন হাজার ৫১২ টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৮৮৪ টি স্কুল, মাদরাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে অনুসারে গতবছরের থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর কেন্দ্র বেড়েছে ১৬৭টি। ১৫১টি প্রতিষ্ঠান বেড়েছে।
(ঊষার আলো-আরএম)
