ইউরোপের জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য নেদারল্যান্ডসে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ইউরোপীয় ইউনিয়নের বাইরের মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে NL-High Potential Scholarship-এর আওতায় ১৮টি পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়া হবে।
ভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই বৃত্তির আওতায় টিউশন ফি, ভিসা, স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমাসহ বিভিন্ন খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনযাপনের জন্য মাসে প্রায় ১ হাজার ৫৫০ ইউরো দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তির মেয়াদ ১৩ মাস। এ ক্ষেত্রে জীবনযাপনের জন্য মোট ২০ হাজার ১৫০ ইউরো দেওয়া হবে। দুই বছরের মাস্টার্সের ক্ষেত্রে মেয়াদ ২৫ মাস এবং জীবনযাপনের জন্য মোট ৩৮ হাজার ৭৫০ ইউরো দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন
ইউ/ইইএ, সুইজারল্যান্ড ও সুরিনামের বাইরের দেশের নাগরিকরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৭ তারিখে ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
এ ছাড়া আগের শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। সর্বশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্টে ১০-এর মধ্যে কমপক্ষে ৭.৫ জিপিএ থাকতে হবে, যা ১০০ নম্বরের হিসাবে অন্তত ৭৫ শতাংশের সমতুল্য।
আবেদনকারীকে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি-এর বৃত্তিতে অংশ নেওয়া কোনো পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন সম্পূর্ণ করে সব ভর্তি-শর্ত ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে পূরণ করতে হবে।
যারা আগে নেদারল্যান্ডসে কোনো ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে উচ্চশিক্ষা নিয়েছেন, তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। তবে সেখানে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কী সুবিধা মিলবে
বৃত্তির আওতায় টিউশন ফি, ভিসা আবেদন এবং স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমার খরচ বহন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় আবাসনের ব্যবস্থা করবে।
তবে বরাদ্দ করা আবাসন গ্রহণ করা বৃত্তির বাধ্যতামূলক শর্ত। দুই বছরের মাস্টার্সে দ্বিতীয় বছরের বাসস্থানের ব্যবস্থা শিক্ষার্থীকে নিজেকেই করতে হবে।
বিমান টিকিটের খরচ বৃত্তির আওতায় নেই। এ ছাড়া বাসস্থানের জন্য আনুমানিক ৭৫ ইউরোর ক্লিনিং ফি শিক্ষার্থীকে দিতে হবে।
আবেদনের সময়
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এর তথ্য অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট CET পর্যন্ত।
তবে বৃত্তির জন্য বিবেচিত হতে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন ও সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬।
আবেদনের সঙ্গে CV, Motivation Letter, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আর্থিক প্রয়োজনের বিবৃতি এবং একজন অধ্যাপক, লেকচারার বা নিয়োগকর্তার Reference Letter জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বৃত্তি। মোট আবেদনকারীর মাত্র প্রায় ২ শতাংশ এই বৃত্তি পান।
বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের ২০২৭ সালের এপ্রিলের মধ্যে তাদের আবেদনের বিষয়ে জানানো হবে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের আগস্ট ২০২৭-এর প্রথম সপ্তাহে দুই সপ্তাহের বাধ্যতামূলক Pre-Academic Training-এ অংশ নিতে হবে।
ঊষার আলো-এসএ
