UsharAlo logo
, |

কয়রায় আইনজীবীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা শুধু আইনি দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। ধর্ম-বর্ণ ও পেশা নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে কাজ করাই ইসলামী মূল্যবোধের অন্যতম শিক্ষা।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবার হলরুমে কয়রা উপজেলা আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশের সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশ ও সমাজ গঠনে কাজ করতে চায়।

মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে আইনজীবীরা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।

কয়রা আইনজীবী সমিতির সভাপতি শেখ আকবর হোসেনের সভাপতিত্বে এবং খুলনা জেলা ইউনিটবারের সদস্য এডভোকেট আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট মনজুরুল আলম নান্নু, এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট জাহানারা খাতুন, এডভোকেট মাহমুদ হোসেন মন্টু, এডভোকেট আরাফাত হোসেন প্রমুখ।

এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন এবং কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান।

সভায় উপস্থিত আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ন্যায়ভিত্তিক সমাজ গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী