বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে এক কর্মশালা শনিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা, সন্তানদের শিক্ষা, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়াসহ বিভিন্ন খাতে আর্থিক অনুদান পেয়ে থাকেন। অতীতের তুলনায় বর্তমানে সেবা সহজীকরণ হওয়ায় কোনো জটিলতা ছাড়াই অনলাইনে আবেদন করা যাচ্ছে। তিনি জানান, তিনিও ব্যক্তিগতভাবে আবেদন করে অনুদান পেয়েছেন। জটিল রোগের ক্ষেত্রে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করছে এবং এ সেবাকে আরও বিস্তৃতভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ঊআ-মোচৌ
