সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
মঙ্গলবার বিকেলে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এবং সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে করে মাদক বহনের সময় মো. সালাউদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৮৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৬-এর সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ মাদক, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
