UsharAlo logo
, |

কালোটাকা ও পেশিশক্তির রাজনীতি আর মেনে নেওয়া হবে না: অধ্যাপক মাহফুজুর রহমান

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কালোটাকা ও পেশিশক্তি যাতে আর কখনো জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে—সে জন্য এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা মানুষ, কোনো প্রাণী নই যে টাকার কাছে বিক্রি হয়ে যাব। আগামী দিনে কালোটাকার মালিকদের আর বরদাশত করা হবে না। দেশের শাসনক্ষমতায় আমরা ক্লিনহার্ট সম্পন্ন মানুষ দেখতে চাই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কাশিপুর, বিআইডিসি রোড, বায়তিপাড়া মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এই দেশ পরিচালনার দায়িত্ব যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বের হাতে আসে, তাহলে আমরা দেশের মালিক হব না—আমরা হব দেশের সেবক। একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐক্য ইতোমধ্যে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং আগামীতেও এই জাতি সব ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম হবে।

খুলনা-৩ আসনের এই সংসদ সদস্য প্রার্থী বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। জবাবদিহিমূলক সরকার থাকলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-নির্যাতন ও বৈষম্য চিরতরে বন্ধ হয়ে যায়। তিনি উল্লেখ করেন, আমীরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে কোনো এমপি বা মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না, সরকারি প্লট বা ফ্ল্যাট নেবেন না এবং রাষ্ট্রীয় অর্থ নিজ হাতে পরিচালনা করবেন না। প্রতিটি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।

তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র উপহার দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ৭ নম্বর ওয়ার্ড আমীর আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরীসহ জামায়াত, শ্রমিক, যুব ও ছাত্র সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

ঊআ-মোহন চৌধুরী