UsharAlo logo
, |

কুয়েটে আন্তঃবিভাগীয় ইনডোর টুর্নামেন্ট শুরু

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ‘কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ইনডোর টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্তঃবিভাগীয় এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।