খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে “আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬”। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, দাবা মানুষের চিন্তাশক্তি, ধৈর্য, বিশ্লেষণী ক্ষমতা ও কৌশলগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
