UsharAlo logo
, |

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী সম্পন্ন

ঊষার আলো ডেক্স
মে ৫, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উৎসবমুখর পরিবেশে ‘আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই এবং এ ধরনের প্রতিযোগিতা পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্যারম, টেবিল টেনিস ও দাবা—এই তিনটি ইভেন্টে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবায় শহীদ স্মৃতি হল চ্যাম্পিয়ন এবং লালন শাহ হল রানার-আপ হয়। ক্যারমে অমর একুশে হল চ্যাম্পিয়ন ও খানজাহান আলী হল রানার-আপ হয়। টেবিল টেনিসে শহীদ স্মৃতি হল চ্যাম্পিয়ন এবং ফজলুল হক হল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ক্রীড়াচর্চার গুরুত্বকে আরও জোরদার করে।

ঊআ-রহ